বুধবার, ১৫ জুন, ২০১১

চৌদ্দগ্রামে ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা, ১২ জুন (শীর্ষ নিউজ ডটকম): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, মারধর, প্রাণনাশের চেষ্টার অভিযোগে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার কুমিল্লার আদালতে ২টি ও অপরটি শনিবার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হয়েছে।
জানা যায়, রোববার কুমিল্লার ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ মিজানুর রহমানসহ ১৯ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের মো. মীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। একই আদালতে জামায়াত নেতা কনকাপৈত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন মজুমদারসহ  ২৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। চৌদ্দগ্রাম উপজেলার কালকোট গ্রামের সোহেল আলম মজুমদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামালউদ্দিন মামলা ২টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, শনিবার চৌদ্দগ্রাম থানায় চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা শাহনেওয়াজ কাজলসহ ২১ জামায়াত-শিবির নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে। আব্দুল হালিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এই ৩টি মামলায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, মারধর, ভাঙচুর, প্রাণনাশের চেষ্টার অভিযোগ আনা হয়।
এ ব্যাপারে জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান বলেন, চৌদ্দগ্রামে বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে জামায়াত প্রার্থীদের জনপ্রিয়তা দেখে মামলা দিয়ে বিজয় ছিনিয়ে নেয়ার নীলনকশা করেছে আওয়ামী লীগ। 

কুমিল্লা, ১৪ জুন (শীর্ষ নিউজ ডটকম): কুমিল্লার তিতাস উপজেলার ৪নং কড়িকান্দি ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দাবি করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। আজ মঙ্গলবার চেয়ারম্যান প্রার্থী মো. মোশাররফ হোসেন কেন্দ্রেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
কেন্দ্রগুলো হচ্ছে, বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দরামপুর (পশ্চিম) প্রাথমিক বিদ্যালয় ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্র। তিনি এ সকল কেন্দ্রে ইতিপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে দাবি জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন